সংখ্যা - ১৪৯২ তারিখ - ২৪.০৯.২৬ বর্ষ - ৩০
সংখ্যা - ১৪৯২ তারিখ - ২৪.০৯.২৬ বর্ষ - ৩০
চেনা ম্যাকবেথ, অচেনা সময়—‘রক্তচন্দ্রিমা’
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’-এর চিরন্তন ক্ষমতালিপ্সা, উচ্চাকাঙ্ক্ষা ও নৈতিক স্খলনকে সমকালীন প্রেক্ষাপটে নতুনভাবে দেখার চেষ্টা করল সাউথ গড়িয়া আনন্দ মহল থিয়েটার গ্রুপের একাঙ্ক প্রযোজনা ‘রক্তচন্দ্রিমা’। গত ১৩ সেপ্টেম্বর কলকাতার মুক্ত অঙ্গন রঙ্গালয়ে নাটকটি মঞ্চস্থ হয়। রচনা ও নির্দেশনায় সৌরভ মুখোপাধ্যায়, সহকারী নির্দেশনায় ইন্দ্রানী পাল।
‘রক্তচন্দ্রিমা’ সরাসরি ‘ম্যাকবেথ’-এর অনুবাদ বা পুনর্নির্মাণ নয়। মূল নাটকের চরিত্র ও দ্বন্দ্বকে অবলম্বন করে সমকালীন এক স্বতন্ত্র পরিসর তৈরি করেছেন নির্দেশক। এখানে অর্ক একজন থিয়েটার অভিনেতা, যার কাছে শিল্প ও আদর্শ পেশাগত সাফল্যের চেয়ে গুরুত্বপূর্ণ। তার স্ত্রী চন্দ্রিমার আকাঙ্ক্ষা আবার সাফল্য ও প্রতিষ্ঠার দিকে ধাবিত। ফলে ব্যক্তিগত সম্পর্ক, শিল্পীসত্তা এবং উচ্চাকাঙ্ক্ষার সংঘাতই হয়ে ওঠে নাটকের মূল সুর।
অর্কের চরিত্রে সৌরভ মুখোপাধ্যায় এবং চন্দ্রিমার ভূমিকায় সুরভি দত্ত অভিনয় করেছেন। তারা ছাড়াও নাটকে অভিনয় করেছেন ইন্দ্রানী পাল ও সায়নদীপ দাস। আলোক পরিকল্পনা করেছেন সায়ন্তন মুখোপাধ্যায়।
পরিচিত ‘ম্যাকবেথ’-কে শিল্পীসত্তা, সম্পর্ক ও ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার সমকালীন দ্বন্দ্বের মধ্যে এনে ‘রক্তচন্দ্রিমা’ একাঙ্ক নাট্যের সীমিত পরিসরে নতুন প্রশ্ন তোলার চেষ্টা করেছে।