সংখ্যা - ১৪৯২ তারিখ - ২৪.০৯.২৬ বর্ষ - ৩০
সংখ্যা - ১৪৯২ তারিখ - ২৪.০৯.২৬ বর্ষ - ৩০
শিশির মঞ্চে এক সন্ধ্যায় দুই বাংলার দুই নাট্যকারের দুই নাটক
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সমতট সংস্কৃতির উদ্যোগে কলকাতার শিশির মঞ্চে এক সন্ধ্যায় মঞ্চস্থ হল দুই বাংলার দুই প্রখ্যাত নাট্যজন হুমায়ূন আহমেদ ও অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের দুটি নাটক। দুটি প্রযোজনাতেই উঠে এল প্রবীণ মানুষের একাকিত্ব, অসহায়তা, অব্যক্ত বেদনা এবং জীবনের সায়াহ্নের নানা অনুচ্চারিত কথামালা।
প্রথম নাটকটি হুমায়ূন আহমেদের ‘অসময়’ অবলম্বনে। পরিচালনায় বাসুদেব হুই ও অভিজিৎ মুখোপাধ্যায়। নাটকের কেন্দ্রীয় চরিত্র অবসরপ্রাপ্ত, অকৃতদার অশোকবাবু। ৬৩তম জন্মদিনে তিনি সিদ্ধান্ত নেন, এরপর আর মিথ্যা বলবেন না এবং কোনও অন্যায়ের সঙ্গে আপস করবেন না। কিন্তু গ্রামের এক অনাথ ছেলেকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে পরিবারের সঙ্গে তাঁর সংঘাত চরমে ওঠে। পরিবারের সদস্যদের ভুল বোঝাবুঝি ও নির্যাতনে ছেলেটির মৃত্যু হলে সত্যের পক্ষে দাঁড়ান অশোকবাবু। পরিণতিতে আদালতে তাঁকেই ‘অপ্রকৃতিস্থ’ ও ‘পাগল’ বলে চিহ্নিত করা হয়। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক সত্যবাদী মানুষের অসহায়তাই হয়ে ওঠে নাটকের মূল সুর।
প্রযোজনায় অভিনয় করেছেন সৌম্যদেব হুই, ফারহিন সুলতানা, সুচরিতা হুই, কৌশিক চ্যাটার্জী, দীপঙ্কর কুন্ডু, অভিজিৎ দাসশর্মা, চিন্ময় ঘোষ, রীনা দত্ত, দেবব্রত পাকরাশী, সায়ন বর্মন, রোহিনী ভট্টাচার্য ও শিবম। আলোয় সন্দীপ মুখার্জী, মেকআপে অঙ্কিতা দাস ও সোনুশ্রী দে এবং মঞ্চ পরিকল্পনায় আরিয়ান জানা।
এরপর মঞ্চস্থ হয় আন্তন চেকভের ‘সোয়ান সং’ অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’। নির্দেশনায় সৌম্যদেব হুই, ডিজাইনে ফারহিন সুলতানা। পঁয়তাল্লিশ বছরের অভিনয়জীবন, করতালি ও বাহ্যিক সাফল্যের আড়ালে এক প্রবীণ অভিনেতার গভীর একাকিত্বকে তুলে ধরে নাটকটি। অতীতের চরিত্র ও অভিনয়ের স্মৃতি তাঁর কাছে যেমন আশ্রয়, তেমনই সেই স্মৃতিই হয়ে ওঠে দীর্ঘশ্বাসের কারণ। এই নাটকে কালীদির চরিত্রে অভিনয় করেন ফারহিন সুলতানা। প্রসঙ্গত তিনি কোনও মেকআপ পরিবর্তন ছাড়াই পুরো অভিনয়টা করেন।